ইবিকে গুচ্ছ থেকে বের হতে তিন দিনের আল্টিমেটাম
ছবি: প্রতিনিধি
ইবি প্রতিনিধি: গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালুর দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। এসময় দাবি আদায়ে প্রশাসনকে তিনদিনের আল্টিমেটাম দিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দরা। নির্ধারিত সময়ের মধ্যে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একই দাবিতে উপাচার্যকে স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।
মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি ওবাইদুর রহমান আনাস, সাদিয়া মাহমুদ মীম, উদয় দেবনাথ ও সহ-সাধারণ সম্পাদক ইমতিয়াজ ইমন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গুচ্ছ ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক না হয়ে বরং আরো ভোগান্তি সৃষ্টি করেছে। শিক্ষার্থীরা সেশনজটের কবলে পড়ছেন। এছাড়া কাঙ্ক্ষিতমানের শিক্ষার্থী পাচ্ছে না বিশ্ববিদ্যালয়। সিট ফাঁকা রেখেই ক্লাস চালু করতে হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয় তার স্বকীয়তা হারিয়ে ফেলছে।
সভাপতি মাহমুদুল হাসান বলেন, পরীক্ষামূলক ভাবে চালু করা গুচ্ছ পদ্ধতি শিক্ষার্থীদের আশা পূরণে ব্যর্থ হয়েছে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তির কার্যক্রমের ফলে শিক্ষার্থীরা তাদের পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারে না। ইসলামী বিশ্ববিদ্যালয়ে কিছু বিভাগ রয়েছে তারা আলাদা মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নিলে অন্য বিভাগ গুলো কেন বঞ্চিত হবে। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করুক। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান কোন পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলন গড়ে তুলবো।
এদিকে স্মারকলিপি গ্রহণকালে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, গুচ্ছ একটি কেন্দ্রীয় সিদ্ধান্ত। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যারা অংশগ্রহন করেছে সবাই গুচ্ছে থাকতে সম্মত হয়েছে। তবে আমরা এই দাবিকে সম্মান করি। আমি এটি কেন্দ্রে পাঠাবো। শিক্ষার্থীদের দাবি তাদের সামনে তুলে ধরবো।