ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বিক্ষোভ
ছবি: প্রতিনিধি
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও দেশটির গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। বুধবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টার দিকে রাজারবাগ পুলিশ লাইন গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শান্তিনগর, কাকরাইল মৎস্যভবন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম আকবর আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন কয়েকশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। বিক্ষোভ মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাবেক ডিআইজি এম আকবর আলী বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিবাদের দোসররা মামলা, হামলা, গুম এমনকি খুন করে একক আধিপত্যের স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছিল। জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতা ফ্যাসিস্ট রাষ্ট্রশক্তিকে পরাজিত করে স্বাধীনতা ফিরিয়ে এনেছে। তাই ভারতের অপতৎপরতা রুখে দিতে ছাত্র জনতা বদ্ধপরিকর। সুতরাং ভারতের সঙ্গে এখন থেকে আর নতজানু পররাষ্ট্রনীতি নয়, সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে।
সমাবেশে সাবেক পুলিশ কর্মকর্তারা আরো বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। রাজারবাগ পুলিশ লাইন থেকে সর্বপ্রথম পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। আবারও প্রয়োজন হলে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।
মিছিলে সাবেক পুলিশ কর্মকর্তাদের হাতে হাতে 'বন্ধু যদি হতে চাও, ডাইনিটাকে ফেরত দাও,' 'ভারতীয় আগ্রাসন রুখবে বাংলার জনগণ ' লেখা সম্বলিত প্লেকার্ড দেখা যায়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদলিপি দিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি।