বিশ্বে সবচেয়ে বেশি ম্যালওয়্যার অ্যাটাকের শিকার ভারতীয়রা

বিশ্বে সবচেয়ে বেশি ম্যালওয়্যার অ্যাটাকের শিকার ভারতীয়রা

ছবি: সংগৃহীত

জানলে অবাক হবেন বিশ্বে সবচেয়ে বেশি ম্যালওয়ার অ্যাটাক হয় ভারতে। ক্লাউড সিকিউরিটি ফার্ম জেডএসকেলার ইনকরপোরেশনের তথ্য বলছে বিশ্বের ম্যালওয়্যার অ্যাটাকের ২৮ শতাংশের শিকার ভারত।

জেডএসকেলার ইনকরপোরেশন জুন ২০২৩ থেকে মে ২০২৪ পর্যন্ত ২০ বিলিয়ন মোবাইল থ্রেট বিশ্লেষণ করে এই রিপোর্ট তৈরি করেছে। বিশ্বব্যাপী ম্যালওয়্যার অ্যাটাকের ২৭.৩ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ১৫.৩ শতাংশ হয় কানাডায়। সহজ কথায়, এ ক্ষেত্রে ভারতীয়রাই আক্রমণের কেন্দ্রে রয়েছেন। 

এই রিপোর্ট ভারতীয় সংস্থাগুলোকে যে সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

রিপোর্টে আরও বলা হয়েছে যে, ভারতের প্রথম সারির পাঁচটি বেসরকারি ব্যাংকের গ্রাহকদের টার্গেট করছে সাইবার জালিয়াতরা। ভুয়া ওয়েবসাইট তৈরি করে গ্রাহকদের লগ ইন ডিটেইলস এবং ব্যাংকিং তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। অনেক ব্যক্তিগত তথ্যও ফাঁস হয়ে যাচ্ছে।

অন্য দিকে, আউটবাউন্ড থ্রেটের প্রধান উৎসস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে চীন, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়াকে। সাইবার অ্যাটাকের ট্রেন্ড নিয়েও তুলনামূলক আলোচনা করা হয়েছে রিপোর্টে। গুগল প্লে স্টোরের ২০০-এর বেশি অনিরাপদ অ্যাপের তালিকা করেছে তারা। আট মিলিয়ন ইউজার এই সমস্ত অ্যাপ ব্যবহার করেন।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ইন্টারনেট অব থিংকস (আইওটি) ডিভাইসের সঙ্গে সম্পর্কিত ম্যালওয়্যার কার্যক্রমের সংখ্যা বছরে ৪৫ শতাংশ হারে বাড়ছে। এমনটা হচ্ছে বটনেটের কারণে। বটনেট হল কম্প্রোমাইজড ডিভাইসের নেটওয়ার্ক, যা সাধারণত বড় আকারের সাইবার আক্রমণে ব্যবহার করা হয়।