সিরাজ-লাবুশেন দ্বৈরথের পর ব্রিসবেনে হেডের শতক

সিরাজ-লাবুশেন দ্বৈরথের পর ব্রিসবেনে হেডের শতক

ছবি : সংগৃহীত

বোর্ডার-গাভাস্কার সিরিজের উত্তাপ চড়তে শুরু করেছে তা বুঝা গিয়েছিল অ্যাডিলেড টেস্ট দিয়েই। উত্তাপের মাত্রা যে ব্রিসবেনে আরও বাড়বে তাও ধারণা করা হয়েছিল। তবে প্রথম দিনেই জল ঢেলে দিয়েছিল আবহাওয়া, গ্যাবায় টসে হেরে অজিরা ব্যাট করতে নামলেও পনেরও ওভারও খেলা হয়নি তুমুল বৃষ্টির কারণে। এরপর খেলা মাঠে গড়িয়েছে একেবারে আজ দ্বিতীয় দিনে। আজ খেলা শুরু হতে না হতেই উত্তাপের দেখাও মিলেছে।

গ্যাবায় প্রথম দিনে ১৩.২ ওভার খেলা হওয়ার পর প্রথম দিন পরিত্যক্ত হয়। ২৮ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করেন দুই অজি ওপেনার। তবে দুই ওপেনারের কেউই আজ বেশি সমউ ক্রিজে টিকতে পারেননি। প্রথমেই জস্প্রীত বুমরার বলে সাজঘরে ফিরেন উসমান খাজা, এরপর ন্যাথান ম্যাকসুয়েনিকেও একই পথ দেখান বুমরা।

দুই ওপেনার ফেরার পর ক্রিজে মার্নাস লাবুশেনের সঙ্গী হন স্টিভেন স্মিথ। ৩৮ রানেই দুই ওপেনার বিদায় নেয়ার পর স্মিথের সঙ্গে জুটি গড়ার চেষ্টায় ছিলেন লাবুশেন। অজি এই ব্যাটারও খেলছিলেনও ভালোই। তবে নিজের ইনিংস বড় করা হয়নি তার। দ্বিতীয় ম্যাচে ভারতীয় পেসার মোহ্মমদ সিরাজের সঙ্গে তার দ্বৈরথের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল, এ দুজনের মাঝে উত্তাপ ছড়িয়েছে আজ ব্রিসবেনেও।

৩৩তম ওভারে বোলিংয়ে আসেন সিরাজ। এ সময় নন-স্ট্রাইক প্রান্তে ছিলেন লাবুশেন। বোলিং করতে যাওয়ার সময় সিরাজকে কিছু একটা বলেছিলেন লাবুশেন। এরপর সিরাজও নান-স্ট্রাইক প্রান্তের স্টাম্পের বেল উলট-পালট করে দেন। তবে লাবুশেনও তো আর কম যান না।

সিরাজের পর লাবুশেন আবার স্টাম্পের বেল উল্টে দেন লাবুশেন। বেল উল্টে দেয়ার পরই বোলার উইকেট পাচ্ছেন এমন নজির আগেও বেশ কয়েকবার দেখা গিয়েছে। তবে আজ ভাগ্য সহায় হয়নি সিরাজের। তবে সিরাজ সে ওভারে উইকেট না পেলেও পরের ওভারেই আউট হন লাবুশেন। নিতিশ কুমার রেড্ডির বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ১২ রান করেই সাজঘরের পথ ধরেন লাবুশেন।

এদিকে দিনের শুরুতেই ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপাকেই পড়েছিল অস্ট্রেলিয়া। তবে এরপর দলের হাল ধরেছেন স্মিথ ও ট্রাভিস হেড। এ দুজন মিলে ভারতীয় বোলারদের দেখশুনে খেলে স্কোরবোর্ডে রান বাড়িয়েছেন। এ দুজন মিলে ১৮০ রানের জুটি গড়ে এখনো অপরাজিত আছেন। দুজনের জুটির সুবাদেই দিনের দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি অজিরা।

অ্যাদিলেডে দারুণ এক সেঞ্চুরি করা হেড আজ তৃতীয় টেস্টের প্রথম ইনিংসেও পেয়েছেন দুর্দান্ত শতকের দেখা। আর তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন স্মিথ, এই প্রতিবেদন লেখা পর্যন্ত হেড অপরাজিত আছেন ১২০ রানে, স্মিথ অপরাজিত আছেন ৭৪ রানে। অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ২৬১ রান।