বাড়িতে বিয়ের আয়োজন, অন্য মেয়ে নিয়ে পালালেন বর
ফাইল ছবি
বাড়ির উঠানে প্যান্ডেল তৈরি করা হয়েছে, রান্নার জন্য বড় বড় পাত্র আনা হয়েছে, সাজসজ্জা থেকে শুরু করে সব প্রস্তুতি শেষ। এলাকার পাঁচ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঠিক এমন সময় বিয়ের দিন পালিয়ে গেলেন বর জিয়া, সঙ্গে নিয়ে গেলেন পাশের গ্রামের এক মেয়েকে।
রোববার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বরের বাবা আজাহার ব্যাপারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
জিয়ার ছোট বোন সোনিয়া জানান, রোববার কাকিলাবাড়ি এলাকায় বিয়ের দিন নির্ধারিত ছিল। আগের দিন শনিবার আমরা পরিবারের সদস্যরা কনে বাড়িতে গিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানও সম্পন্ন করি। কিন্তু বিয়ের মূল অনুষ্ঠানের আগেই আমার ভাই পাশের গ্রামের এক মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন।
ফুকুরহাটি মাঝিপাড়া গ্রামের বাসিন্দা মো. লাভলু মিয়া জানান, বরের পরিবার থেকে এলাকার পাঁচ শতাধিক মানুষকে বিয়ের দাওয়াত দেওয়া হয়েছিল। শনিবার বিকেলে কনে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানও হয়েছে। কিন্তু রোববার বরযাত্রী নিয়ে যাওয়ার আগেই এমন ঘটনা ঘটেছে।
ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান জানান, কনের পরিবারের সদস্যরা বিষয়টি তাকে জানিয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।