ইনস্টাগ্রামে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পাঠানোর উপায় জানুন

ইনস্টাগ্রামে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পাঠানোর উপায় জানুন

ছবি: সংগৃহীত

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার অধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এই ছবি শেয়ারিং প্ল্যাটফর্মে নতুন ফিচার আনল। এবার ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজ (ডিএম) সেকশনে ‘শিডিউল মেসেজ’ করার ফিচার যুক্ত করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কয়েক দিন আগেই তাদের মেসেজ শিডিউল করে রাখতে পারবেন এবং নির্ধারিত সময়ে সেই মেসেজ স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে।

ইনস্টাগ্রামের নতুন এই ফিচার বিশেষ করে তাদের জন্য খুব উপকারী হবে, যারা বিভিন্ন টাইমজোনে থাকেন এবং একে অপরের সঙ্গে সময়মতো যোগাযোগ করতে পারেন না। ফিচারটি গ্লোবালভাবে রোলআউট করা হয়েছে এবং এটি ব্যবহারের জন্য ব্যবহারকারীদের তাদের ইনস্টাগ্রাম অ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে। 

ইনস্টাগ্রামে কীভাবে শিডিউল মেসেজ পাঠাবেন?

শিডিউল মেসেজ পাঠানোর পদ্ধতিও বেশ সহজ। প্রথমে ব্যবহারকারীকে যাকে মেসেজ পাঠাতে চান তার সঙ্গে চ্যাট খুলতে হবে এবং মেসেজ টাইপ করতে হবে। এরপর সেন্ড বাটনের উপর একটু দীর্ঘক্ষণ প্রেস করলে একটি ক্যালেন্ডার অপশন দেখানো হবে। সেই ক্যালেন্ডার থেকে ব্যবহারকারী তার পছন্দের দিন এবং সময় নির্বাচন করতে পারবেন। একবার সময় নির্ধারণ করার পর শিডিউল বাটন ক্লিক করলেই মেসেজটি শিডিউল হয়ে যাবে।

এই ফিচার ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছে। যেমন, কোনও বন্ধুর জন্মদিনে সময়মতো শুভেচ্ছা পাঠাতে ভুলে যাওয়ার ঝুঁকি থাকবে না। এমনকি ব্যস্ত সময়ে অথবা ভ্রমণের সময়েও নির্ধারিত মুহূর্তে মেসেজ পাঠানো সম্ভব হবে। যারা ইনস্টাগ্রামকে পেশাদারি কাজে ব্যবহার করেন, তাদের জন্য এটি আরও বেশি কার্যকরী। ব্যবসায়িক বা প্রফেশনাল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা তাদের কাস্টমারদের জন্য সময়মতো আপডেট বা প্রোমোশনাল মেসেজ শিডিউল করতে পারবেন।

তবে এই ফিচার আপাতত কেবল প্রফেশনাল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। ব্যবহারকারীরা ২৯ দিন পর্যন্ত আগাম মেসেজ শিডিউল করতে পারবেন।