৩২ বছর ধরে গোসল করেননি ৩ ফুট আট ইঞ্চির সাধক!
ফাইল ছবি
গোসল না করে ৩২ বছর! ভারতের এক সাধক করেছেন এমন রেকর্ড। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এবারের মহাকুম্ভ মেলার মূল আকর্ষণ হয়ে উঠেছেন সাধক গঙ্গাপুরি মহারাজ। ভক্তদের কাছে যার পরিচয় ছোটুবাবা। তবে নিজে গোসল না করলেও ভক্তদের পূণ্যস্নানে উৎসাহিত করছেন তিনি।
জানা গেছে, ভারতে তিন নদীর মোহনায় মহা আড়ম্বরে শুরু হতে যাচ্ছে মহাকুম্ভ মেলা। সনাতন ধর্মবলম্বীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই আয়োজনে যোগ দিতে এরইমধ্যে হাজির হতে শুরু করেছেন তীর্থযাত্রীরা। আর সেখানেই হাজির হয়েছেন আসামের কামাখ্যা পীঠের ৫৭ বছর বয়সী গঙ্গাপুরি মহারাজ। মহাকুম্ভ মেলা শুরুর আগেই নজর কেড়েছেন তিনি। ৩ ফুট আট ইঞ্চি উচ্চতার এই সাধক তিন দশকের বেশি সময় ধরে গোসল করেন না তিনি। কিন্তু কেন? নিজেই জানিয়েছেন, কোনো এক সংকল্পের কারণেই এতো বছর শরীরে পানি স্পর্শ করেননি।
তিনি বলেন, এটি তার আধ্যাত্মিক জীবনযাত্রার একটি অংশ। তিনি শরীরের কোনো অংশকে বিশুদ্ধ করার জন্য পানি ব্যবহার করেন না।
এদিকে গঙ্গাপুরি মহারাজ নিজে ৩২ বছর গোসল না করলেও ভক্তদের এ পথে না হাঁটার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, তার জীবনযাত্রা এবং সাধনা তার নিজস্ব উদ্দেশ্য পূরণের জন্য। তবে সাধারণ মানুষের জন্য গোসল অত্যন্ত জরুরি।
তাই সাধক হিসেবে তিনি যে পথে হাঁটছেন, সেটি শুধু তার আধ্যাত্মিক উদ্দেশ্যের জন্য। অন্যরা যেন তাদের শরীর এবং মন পরিষ্কার রাখে, সে বিষয়ে তিনি সতর্ক করেছেন।
এবারের মহাকুম্ভ মেলা, যা ১২ বছর পরপর আয়োজিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আধ্যাত্মিক মিলনমেলা। গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর তীরে, প্রয়াগরাজ, হরিদ্বার ও নাসিকে এই আয়োজন অনুষ্ঠিত হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা এখানে আসেন পুণ্য অর্জন করতে।
আগামী ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় দেড় মাস ধরে চলবে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত এই মহাকুম্ভ মেলা। ধারণা করা হচ্ছে, এবারের মেলায় প্রায় ৪৫ কোটি মানুষ সমাগম করবেন। বিশাল এই সংখ্যক মানুষের জন্য ২০০ বিলাসবহুল কটেজসহ হাজার হাজার তাঁবু তৈরি করা হয়েছে।
এছাড়াও, মহাকুম্ভ মেলা চলাকালীন বিভিন্ন আধ্যাত্মিক সাধক, গুরুরা তাদের ভক্তদের জন্য বিশেষ পুণ্যস্নান ও ধর্মীয় উপদেশ প্রদান করবেন। গঙ্গাপুরি মহারাজও এই সময় তার ভক্তদের সাথে সময় কাটাতে প্রস্তুত রয়েছেন। তিনি শারীরিকভাবে অনবদ্য আধ্যাত্মিক শিক্ষা প্রদান করবেন।
গঙ্গাপুরি মহারাজের এই বিচিত্র সাধনা এবং তার জীবনযাত্রা এবার মহাকুম্ভ মেলায় আসা তীর্থযাত্রীদের কাছে একটি বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে।