কদমতলীতে ছুরিকাঘাতে যুবক আহত

কদমতলীতে ছুরিকাঘাতে যুবক আহত

প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীতে পূর্ব শত্রুতার জেরে নজরুল ইসলাম (২১) নামে এক সাবেক প্রবাসী যুবককে ছুরিকাঘাত করে আহত করেছে দুর্বৃত্তরা।

রবিবার (৩ মে) রাত ৯টার দিকে জুরাইন ইসলামাবাদ জামে মসজিদের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, ৭-৮ জনের একটি দল নজরুল ইসলামকে ঘিরে ধরে মারধর করে এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত নজরুল ইসলাম কদমতলীর পূর্ব জুরাইন এলাকার রুহুল আমিনের ছেলে।

হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী ইদ্রিস আলী জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত যুবক বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।