সীমান্তে ভারতীয়দের হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
সংগৃহীত
বাংলাদেশ সীমান্তে ভারতীয় নাগরিক ও বিএসএফের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের জ্বোহা চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের কিছু সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ? রাজপথ রাজপথ’, ‘ভারতের আগ্রাসন ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘মোদির দুই গালে জুতা মারো, তালে তালে’—এমন স্লোগান দেন।
সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ‘জুলাই বিপ্লবের পর থেকে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য বিভিন্ন পাঁয়তারা করছে। তারা আমাদের সীমান্তে সাধারণ মানুষের ওপর বোমা নিক্ষেপ করেছে। ভারত চায় না আমাদের দেশের মানুষ শান্তিতে থাকুক। বন্ধু প্রতিবেশী হিসেবে না থাকলে তাদের পাঁয়তারা বাংলাদেশের শিক্ষার্থী জনতা নস্যাৎ করে দেবে।’
বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইয়ামিন হোসাইন বলেন, ‘সার্বভৌমত্বের প্রশ্নে রাবি শিক্ষার্থীরা সব সময় আপসহীন। ভারতের যেকোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মেনে নেবে না। বিগত ১৬ বছর ফ্যাসিবাদী সরকারকে হাত করে ভারত বাংলাদেশের জমি, জায়গাসহ অনেক সম্পদ লুট করে নিয়েছে। বর্তমানে তা না করতে পেরে সীমান্তবর্তী বাংলাদেশের নাগরিকদের ওপর হামলা করছে, যা খুবই ন্যাক্কারজনক ঘটনা।’
এ সময় বিক্ষোভ সমাবেশে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।