দুদকের মামলায় জিকে শামীম ও তার মায়ের বিরুদ্ধে রায় পেছাল

দুদকের মামলায় জিকে শামীম ও তার মায়ের বিরুদ্ধে রায় পেছাল

ছবি : সংগৃহীত

ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার গোলাম কিব‌রিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রায়ের তারিখ পিছিয়ে আগামী ৩০ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ তারিখ ধার্য করেন।

বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম গণমাধ্যমকে বলেন, মামলাটি আজ রায়ের জন্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী মামলাটি রায় থেকে উত্তোলন করে পুনরায় যুক্তিতর্ক উপস্থাপনের আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন। তারা সংক্ষিপ্ত যুক্তিতর্ক তুলে ধরেছেন। আমরাও রিপ্লাই দিয়েছি।

তিনি আরও বলেন, আগামী ৩০ জানুয়ারি আবারও রায়ের তারিখ ধার্য করা হয়েছে।

এর আগে, ২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

পরে ২০২১ সালের ১৭ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। যার প্রেক্ষিতে ২০২২ সালের ১৮ অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত