দোহারে আ. লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি
ঢাকার দোহার উপজেলায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুন) রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন দোহার উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, নারিশা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন দ্বীপ এবং ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক মো. সারোয়ার আলম হানিফ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে দোহার উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
অন্যদিকে, সোমবার রাতে নারিশা পশ্চিমচর এলাকার জীবনের মুরগির ফার্মসংলগ্ন এলাকা থেকে নারিশা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন দ্বীপকে গ্রেপ্তার করে দোহার থানা পুলিশ। তিনি নারিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কালামের ছেলে।
জানা যায়, গত ১৯ মে সকালে নারিশা পশ্চিমচর বটতলা এলাকায় ইয়াসিন নামের এক কলেজ ছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে দ্বীপের বিরুদ্ধে। এসময় নুরু নামের এক ব্যক্তি সাহায্যের জন্য এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
এ ঘটনায় ইয়াসিনের পক্ষ থেকে দোহার থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হলে ওই মামলায় দ্বীপকে গ্রেপ্তার করা হয়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা দ্বীপকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে মঙ্গলবার বিকেলে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া এলাকা থেকে ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগারবিষয়ক সম্পাদক মো. সারোয়ার আলম হানিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার ভিত্তিতেই এ গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
ওসি আবু বকর সিদ্দিক জানান, গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
তাদের আদালতে সোপর্দ করা হবে।
সাম্প্রতিক সময়ে দোহার উপজেলায় বিভিন্ন মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।