অর্ধশত মাদক মামলার আসামি শিপরা ফের গ্রেপ্তার
প্রতীকী ছবি
চুয়াডাঙ্গায় ফের গ্রেপ্তার হয়েছেন অর্ধশত মাদক মামলার আসামি শিপরা বেগম (৬০)। মঙ্গলবার (২ জুন) সকালে তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শিপরা বেগম চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি বুদ্ধিমান পাড়ার বাবুল শেখের স্ত্রী।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ শহরে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তার বাড়ি থেকে শিপরা বেগমকে গ্রেপ্তার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শিপরা বেগমের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে ৫০টিরও বেশি মামলা রয়েছে।
পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন অন্তত শতবার। দীর্ঘদিন ধরে তিনি মাদক কারবারির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শিপরা বেগমের বিরুদ্ধে অর্ধশত মামলা রয়েছে। মাদক কারবারের অভিযোগে তাকে ফের গ্রেপ্তার করা হয়েছে।