সীমান্তে ঢুকে বাংলাদেশীকে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা

সীমান্তে ঢুকে বাংলাদেশীকে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা

ফাইল ছবি।

সীমান্তে ভারতীয়দের বর্বরতা যেন থামছেই না। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সীমান্তে ঢুকে এক বাংলাদেশি যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয় কয়েক নাগরিক। রোববার (২৬ জানুয়ারি ) দুপুরে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশি নাগরিকের নাম আহাদ আলী (৩৪)। তিনি কুলাউড়ার কর্মধা ইউনিয়নের এওলাছড়া বস্তি এলাকার ইউনুছ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে জায়গা সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সাথে কথা-কাটাকাটি হয় বাংলাদেশি নাগরিক আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ১০৮৩ এর ৩৪ এস এর ৫ গজ ভেতরে ঢুকে আহাদ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিলে সেখানেই তার মৃত্যু হয়।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফসার মৃত্যুর ঘটনা নিশ্চিত করে গনমাধ্যমকে বলেন, লাশ মর্গে রয়েছে। হত্যাকারী ভারতীয় নাগরিক বলে জেনেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।