ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী
সংগৃহীত
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী। সোমবার (২৭ জানুয়ারি) সকালে তিনি পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বলে নিশ্চিত করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
যোগদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শামছুল আলম, ট্রেজারার এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মো. আইউব হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার বাড়ী ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার গোরেয়া ইউনিয়নে মিলনপুর গ্রামে। তিনি দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত উপসম্পাদকিয় লেখালেখি করে থাকেন।