বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি, আহত এক
ছবিঃ সংগৃহিত।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এতে মোবাশ্বের হোসেন নামের এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এরপর গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মোবাশ্বের সাংবাদিকদের জানান, অবরোধ কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর তারা শুক্রবারের হামলায় আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান হাতে লাগে।
ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে মোবাশ্বের বলেন, গাজীপুরের পুলিশ সুপারকে তিনি বিষয়টি জানিয়েছেন।
কয়েকজন শিক্ষার্থী জানান, শুক্রবার রাতের হামলার ঘটনায় বিচারের দাবিতে শহরের রাজবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকেল সাড়ে চারটার দিকে মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান শিক্ষার্থীদের বিচার নিশ্চিত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে পাঁচটার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. মনজুর মোর্শেদ জানান, রোগীর ডান হাতে গুলি লেগেছে।