জয়পুরহাটে বসতবাড়ি থেকে তিন কেজি ওজনের গাঁজার গাছ জব্দ

জয়পুরহাটে বসতবাড়ি থেকে তিন কেজি ওজনের গাঁজার গাছ জব্দ

সংগৃহীত ছবি

জয়পুরহাটের পাঁচবিবিতে একটি বসতবাড়ি থেকে তিন কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আদিবাসী পল্লীতে অভিযান চালিয়ে এই গাছটি উদ্ধার করা হয়। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান মাদক কারবারি রবিন মাহাতো ওরফে চয়ন (৪০)। তিনি ওই গ্রামের রোশকা মাহাতোর ছেলে।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানা পুলিশের একটি দল দুপুরের দিকে আয়মারসুলপুর আদিবাসী পল্লীর রবিন মাহাতোর বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির আঙিনা থেকে অবৈধভাবে চাষ করা আনুমানিক তিন কেজি ওজনের একটি বড় গাঁজার গাছ জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চয়ন আগেই বাড়ি থেকে পালিয়ে যান।

​পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, জব্দকৃত গাঁজার গাছের ওজন প্রায় তিন কেজি। এ ঘটনায় পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি রবিন মাহাতো চয়নকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।