রংপুরে দোকান কর্মচারী হত্যার দায় স্বীকার, মামলা
প্রতিকি ছবি
রংপুর নগরীর খামার মোড়ে মো. শাওন (২৫) নামে এক দোকান কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায় স্বীকার করেছেন মালিকের ছেলে মিজানুর রহমান মনু (৩০)। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দুইজনকে আসামি করে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বুধবার (১৭ জুন) দুপুরে গ্রেফতারকৃত মনুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি মনুর বাবা আমির হোসেনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
নিহত শাওন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় চরিতাবাড়ি এলাকার আবু সাঈদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় চার বছর ধরে নগরীর খামার মোড়ে আমির হোসেনের চায়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন শাওন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে শাওন দোকান থেকে রাস্তার দিকে বের হন। কথা কাটাকাটির জেরে এ সময় পেছন থেকে দোকান মালিকের ছেলে মনু হাতুড়ি দিয়ে শাওনের মাথায় উপর্যুপরি আঘাত করেন।
এতে গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে শাওন। এ সময় আশপাশের লোকজন এসে মনুকে আটক করে এবং শাওনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিচ্ছিল। তবে পথেই শাওনের মৃত্যু হয়।
মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি নাজমুল কাদের বলেন, এই ঘটনায় নিহতের ভাই আশরাফুল ইসলাম বাদি হয়ে বাবা-ছেলে দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন। মনু পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করায় তাকে রিমান্ডের আবেদন করা হয়নি। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।