৭ মাসের সাজা থেকে বাঁচতে পালিয়ে ১০ বছর
ছবি : সংগৃহীত
সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পালিয়ে ছিলেন ঝালকাঠির নলছিটির মুছা ওরফে বাদল হাওলাদার (৫২)। কিন্তু শেষ রক্ষা হলো না তার। অবশেষে ধরা পড়তে হলো পুলিশের হাতে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাদল হাওলাদার ওই এলাকার মুজাহার হাওলাদারের ছেলে।
নলছিটি থানার সহকারী উপপরিদর্শক কাওসার আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৪ সালে বরিশাল কোতোয়ালি মডেল থানার একটি মাদকদ্রব্য (গাঁজা) জিআর মামলার বিচার শেষে মুছা ওরফে বাদল হাওলাদারকে ৭ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।