জুনিয়র এনটিআর-এর জন্মদিনে প্রকাশ্যে এলো ‘ড্রাগন’-এর প্রথম ঝলক

জুনিয়র এনটিআর-এর জন্মদিনে প্রকাশ্যে এলো ‘ড্রাগন’-এর প্রথম ঝলক

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার সুপারস্টার অভিনেতা জুনিয়র এনটিআর-এর জন্মদিনে প্রকাশ্যে এসেছে তার নতুন সিনেমা ‘ড্রাগন’-এর প্রথম ঝলক। ৪ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওটি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিনেমাটিকে ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। প্রথম ঝলক তা আরও বাড়িয়ে দিয়েছে।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে ভারতের ইতিহাস এবং স্বাধীনতা-পূর্ব সময়ের আফিম শিল্পকে কেন্দ্র করে। ব্রিটিশরা কেন সহজে ভারত ছাড়েনি, সেই ইতিহাসের খোঁজ করতে গিয়ে ব্রিটিশ আমলের মাদক ব্যবসার শিকড় টেনে আনা হয়েছে। গল্পে দেখা যায়, ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর ১৯৬৬ সালে আফিমের ব্যবসায়ীরা দুটি শক্তিশালী উপদলে বিভক্ত হয়ে পড়ে— একটি ‘আফগান ট্রেডিং কোম্পানি’ এবং অন্যটি ‘গোল্ডেন ট্রেডিং কোম্পানি’। ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এগোবে সিনেমাটির পটভূমি।

প্রথম ঝলকে নজর কেড়েছেন অনিল কাপুর, বিজু মেনন, রুক্মিণী বসন্ত এবং আশুতোষ রানার মতো তারকারা। জুনিয়র এনটিআর ‘আফগান ট্রেডিং কোম্পানি’র হয়ে প্রতিপক্ষ দলকে নিশ্চিহ্ন করতে এক রক্তক্ষয়ী খেলায় মেতে ওঠেন। প্রথম ঝলকে চেনা এনটিআর-কে একদম অচেনা রূপে দেখা গেছে।

ছবিটি পরিচালনা করেছেন ‘কেজিএফ’ খ্যাত পরিচালক প্রশান্ত নীল। আগামী ১১ জুন পাঁচটি ভাষায় বিশ্বজুড়ে মুক্তি দেওয়ার কথা রয়েছে।