পাবিপ্রবির নাম ও লোগো ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা
ফাইল ছবি
পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নাম ও লোগো ব্যবহার করে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত ২২ ফেব্রুয়ারির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১২ আগস্ট ২০২৪ তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৭১তম সভার ৭১.৩ নং সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকরা জরুরি আলোচনা শেষে বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ধারা ১১(১২) অনুসারে পাবিপ্রবিকে রাজনীতি মুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা করেছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন বা পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, ছাত্রদল পাবিপ্রবির নামে তাদের কমিটি ঘোষণা করে এবং ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে একটি প্রকাশনা উৎসবের আয়োজন করে। এ ধরনের কার্যক্রমের পরিপ্রেক্ষিতেই প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।