ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

ছবি : প্রতীকি

বগুড়ায় ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় গর্ভের সন্তানসহ রোখসানা আক্তার নামের এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাতে শহরের জলেশ্বরীতলা এলাকায় এনাম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। এসময় প্রাণ হারানো নারীর স্বজনেরা ওই প্রতিষ্ঠানের সাইনবোর্ড এবং দরজায় ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মৃত রোখসানা আক্তার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী। 

জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে রোখনার প্রসাব ব্যথা উঠে। তখন তাকে বাচ্চা ডেলিভারির জন্য এনাম ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে ক্লিনিক কর্তৃপক্ষের পরামর্শে ভর্তি করানো হয়। কিন্তু ভর্তি করার পর হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। ক্লিনিক কর্তৃপক্ষরা বলেন, রোগীর ব্যাথা আরো বাড়ুক। ডাক্তার কিছুক্ষণ পর আসবেন। এইসব কথা বলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়া হয়। এদিকে রোগী ভর্তির প্রায় ১২ ঘন্টা পর ক্লিনিকে ডাক্তার উপস্থিত হন। এসময় রোগীর অবস্থা ভালো না থাকায় তাকে চিকিৎসার জন্য অন্যত্র নিতে বলা হয়। পরে রোগীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে গর্ভের সন্তানসহ মৃত ঘোষণা করেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর বলেন, জেলা প্রশাসক এবং সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।