নারী শ্রমিকের আত্মহত্যার জেরে গাজীপুরে মহাসড়ক অবরোধ, গাড়িতে আগুন

নারী শ্রমিকের আত্মহত্যার জেরে গাজীপুরে মহাসড়ক অবরোধ, গাড়িতে আগুন

ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় একটি কারখানার নারী শ্রমিকের আত্মহত্যার ঘটনায় সোমবার (৩ মার্চ) সকালে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এবং এক পর্যায়ে কারখানার একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

মৃত নারী শ্রমিকের নাম আফসানা আক্তার লাবনী (৩০)। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর ভোগরা এলাকায় প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানায় রবিবার (২ মার্চ) এক নারী শ্রমিক ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি জানাজানি হলে সোমবার সকাল ৮টার দিকে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করেন এবং কারখানার ভেতরে থাকা একটি গাড়ি টেনে এনে মহাসড়কে আগুন ধরিয়ে দেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, "গতকাল ওই নারী শ্রমিক ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। বলা হয়েছিল, পারিবারিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে গতকাল শ্রমিকরা কোনো অভিযোগ করেননি এবং বিকেল পর্যন্ত স্বাভাবিকভাবে কাজ করেছেন। আজ সকালে শ্রমিকরা হঠাৎ এসে দাবি তোলেন যে, ছুটি না দেওয়ার কারণেই ওই নারী আত্মহত্যা করেছেন। এরপর তারা বিক্ষোভ শুরু করে এবং আশপাশের কারখানাগুলোতে ছুটি নিতে বাধ্য করে। ফলে প্রায় ৬ থেকে ৭টি কারখানা ছুটি ঘোষণা করেছে।"

এসময় বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।