কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

ছবি : প্রতীকি

বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর ছুরিকাঘাতে এক যুবক নিহত এবং অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে শহরের মালতিনগর খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে। নিশ্চিত করেছেন বিষয়টি বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী।

তিনি জানান, নিহত পারভেজ (২৫) মালতিনগর নতুনপাড়া এলাকার রিয়াজুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন। আহত যুবকের নাম আতিকুল ইসলাম (২৪)। তিনি একই এলাকার বাসিন্দা।

পারভেজের খালাতো ভাই মাসুদ রানা বলেন, একই এলাকার কিছু যুবকের সঙ্গে রোববার বিকেলে পারভেজের মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার ইফতারের পর ওই যুবকরা পারভেজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ সময় পারভেজের সঙ্গে আতিকুল ছিলেন। মালতিনগর খন্দকার পাড়ায় বগুড়া আর্ট কলেজের সামনে নির্জন স্থানে তাদের মধ্যে আবারও মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে পারভেজ ও আতিকুল দৌড় দিলে তাদের ধাওয়া করে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, পারভেজ ও আতিকুল রাস্তায় দীর্ঘসময় পড়ে ছিল। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আতিকুল চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে বনানী পুলিশ ফাঁড়ির এসআই ফজলে এলাহী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় দুই গ্রুপের মধ্যকার বিরোধকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। জড়িত কয়েকজনের নাম জানা গেছে। যত দ্রুত সম্ভব তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।