রাতে খেলা দেখে ঘুম, সকালে ব্রাজিল সমর্থক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাতে খেলা দেখে ঘুম, সকালে ব্রাজিল সমর্থক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ঘুমাতে যাওয়ার পর সকালে নিজ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার কয়া ইউনিয়নের পশ্চিম গট্রিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রতন (২০) একই গ্রামের হোসেন মিস্ত্রীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর সহকারী ছিলেন। তার দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত গভীর রাতে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে নিজ ঘরে ঘুমাতে যান রতন। সোমবার সকালে দীর্ঘ সময় ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা জানালার ফাঁক দিয়ে তাকে ঘরের ভেতরে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প‌রিবা‌রের সদস‌্যরা ঘরের দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতা‌লে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে কুমারখালী থানা পু‌লিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

নিহ‌তের বাবা হো‌সেন মিস্ত্রী ব‌লেন,ছে‌লে ব্রা‌জিল দলের সমর্থক ছি‌ল। গতকাল রা‌তে খেলায় ব্রাজিল হে‌রে যাওয়ার পর তার মন খারাপ ছিল। এরপর নিজ ঘ‌রে ঘুমা‌তে যায়। সকা‌লে উঠ‌তে দে‌রি হ‌লে ডাকাডা‌কি ক‌রে কোনো সাড়াশব্দ না পাওয়ায় জানালা দি‌য়ে দেখ‌তে পাই, গলায় ওড়না দেওয়া অবস্থায় ঝুলছে। ব্রাজিল হেরে যাওয়ায় সে আত্মহত্যা করল নাকি অন্য কোনো কারণে নি‌র্দিষ্ট ক‌রে কারণও বল‌তে পার‌ছি না।

স্বজন‌দের ভাষ‌্য, বছর খানেক আগে রতন বি‌য়ে ক‌রেন। বা‌ড়ির পা‌শেই শ্বশুরবা‌ড়ি। কন‌্যাসন্তান হওয়ার পর থে‌কে তাঁর স্ত্রী সেখা‌নেই আছে। ঘটনার সময় রতন ঘ‌রে একাই ছিলেন।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন ব‌লেন, আত্মহত‌্যা মান‌সিক রোগ। পছন্দের টিম হে‌রে‌ যাওয়ায় সে আত্মহত‌্যা ক‌রে‌ছে এমনটাও এখনো নি‌শ্চিত হওয়া যায়নি।

ওসি জানান, নিহতের পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করা হয়। মৃত্যুর বিষয়ে কারও কোনো আপত্তি না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হ‌য়ে‌ছে।