ফুটবলার হামজা দেশে পা রেখেই পৈতৃক বাড়িতে দুই দিন কাটাবেন
ফাইল ছবি।
বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরীকে নিয়ে উত্তেজনার কমতি নেই। তাকে সাদরে অভ্যর্থনা জানাতে প্রস্তুত জামাল ভূঁইয়ারা। লিস্টার সিটি হয়ে শেফিল্ড ইউনাইটেডে বর্তমানে খেলা এই মিডফিল্ডারের আগমনী বার্তা রোমাঞ্চ ছড়াচ্ছে দেশের ফুটবলে। আগামী ১৭ মার্চ বাংলাদেশে পা রাখবেন। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, দেশে এসে হবিগঞ্জের বাহুবলে পৈতৃক বাড়িতে দুই দিন কাটাবেন হামজা।
আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হামজার। ২৭ বছর বয়সী মিডফিল্ডার এর আগে বাংলাদেশে আসবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম জানালেন হামজার পরবর্তী পরিকল্পনার কথা।
করিম বলেছেন, ‘ম্যানচেস্টার থেকে একটি ফ্লাইটে করে আগামী ১৭ মার্চ সকাল ১১টা ৪০ মিনিটে সিলেটে পা রাখবেন হামজা চৌধুরী। তার সঙ্গে থাকবেন ৯ জন- তার মা, স্ত্রী এবং তিন সন্তানসহ পরিবারের সদস্যরা। আমাদের চার বা পাঁচজন নির্বাহী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাতে থাকবেন। তারত জন্য আমরা একটি গাড়ি ঠিক করে রাখবো। সেখান থেকে তিনি ও তার পরিবার হবিগঞ্জে যাবেন, যেখানে তার পৈতৃক বাড়ি আছে।’
তিনি আরও বললেন, ‘সেখানে তিনি রাতে থাকবেন এবং ১৮ মার্চ পুরো দিনও কাটাবেন ওখানে। সেটা হবে তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার।’
তারপর কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে দেখা করবেন হামজা, বললেন করিম, ‘তিনি ১৮ তারিখ রাতে কিংবা ১৯ তারিখ সকালে ঢাকায় আসবেন এবং সরাসরি ক্যাম্পে যোগ দেবেন। তারপর সংবাদ সম্মেলন শেষে দলের ফটোশুট হবে, যেখানে হামজা ও কোচ হাভিয়ের কাবরেরা মিডিয়ার মুখোমুখি হবেন।’
তারপর কোনও অনুশীলন সেশন কিংবা জিম সেশন থাকবে কি না সেটা কোচ নির্ধারণ করবেন।
সিলেটে হামজার নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন করিম, ‘তার নিরাপত্তার ব্যাপারে আমরা প্রশাসনকে চিঠি দিয়েছি। নির্বাহী কমিটির যে সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন তারা কাল সিলেট যাবেন এবং তারা বিমানবন্দর কর্তৃপক্ষ, পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন।’