যুক্তরাষ্ট্রে চোরের পেট থেকে হিরার কানের দুল উদ্ধার

যুক্তরাষ্ট্রে চোরের পেট থেকে হিরার কানের দুল উদ্ধার

ছবিঃ সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো পুলিশ প্রায় ৭ লাখ ৬৯ হাজার ডলার মূল্যের হীরার দুই জোড়া কানের দুল উদ্ধার করেছে। যা একজন অভিযুক্ত চোর গিলে ফেলেছিল। দুই সপ্তাহের বেশি সময় ধরে পুলিশ ওই ব্যক্তিকে নজরদারিতে রেখেছিল।

৩২ বছর বয়সী জেইথান গিল্ডারকে ২৬ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়। পুলিশের অভিযোগ, গ্রেফতারের সময় টিফানি অ্যান্ড কোম্পানির হীরার দুলগুলো গিলে ফেলে গিল্ডার। এরপর তাকে অরল্যান্ডোর একটি হাসপাতালে রাখা হয় এবং প্রায় দুই সপ্তাহ ধরে নজরদারিতে রাখা হয়। অবশেষে তার শরীর থেকে দুলগুলো উদ্ধার করা সম্ভব হয়।

গিল্ডারের বিরুদ্ধে মাস্ক পরে ডাকাতি এবং চুরির অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, গিল্ডার নিজেকে একজন এনবিএ খেলোয়াড়ের সহকারী হিসেবে পরিচয় দিয়ে ফ্লোরিডার টিফানি স্টোরের ভিআইপি রুমে প্রবেশ করে। সেখানে তাকে উচ্চমূল্যের গহনা দেখানো হয়। এরপর সে দোকানের কর্মচারীদের বিভ্রান্ত করে দুটি কানের দুল নিয়ে দোকান থেকে পালিয়ে যায়। পালানোর সময় সে ৫ লাখ ৮৭ হাজার ডলার মূল্যের একটি হীরার রিংও ফেলে যায়।

সেদিনই পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় পুলিশ দেখতে পায় যে গিল্ডার কিছু জিনিস গিলে ফেলছে, যা চুরি করা দুল বলে মনে করা হয়। পরে তাকে জেলে নেওয়ার পথে সে বলতে শোনা গেছে, আমার উচিত ছিল এগুলো জানালা দিয়ে ফেলে দেওয়া। জেলে পৌঁছে সে কর্মকর্তাদের জিজ্ঞাসা করে, আমার পেটে যা আছে, তার জন্যও কি আমাকে অভিযুক্ত করা হবে?

পুলিশ পরে একটি এক্স-রে ছবি প্রকাশ করে, যাতে দেখা যায় একজন ব্যক্তির পেটে এক ধরনের বস্তু রয়েছে। গিল্ডারকে হাসপাতালে নিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে নজরদারিতে রাখা হয়, যতক্ষণ না দুলগুলো উদ্ধার করা যায়। ১২ মার্চ চতুর্থ দুলটিও উদ্ধার করা হয়।

টিফানির মাস্টার জুয়েলার নিশ্চিত করেছেন যে দুলগুলোর সিরিয়াল নম্বর চুরি হওয়া গহনার সঙ্গে মিলে যায়। গিল্ডার বর্তমানে অরেঞ্জ কাউন্টি জেলে আটক রয়েছে। পুলিশ জানায়, তার অপরাধের ইতিহাসে ২০২২ সালে টেক্সাসের একটি টিফানি স্টোর থেকে ডাকাতির ঘটনাও রয়েছে। এছাড়া কলোরাডোতে তার বিরুদ্ধে ৪৮টি পৃথক গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।