মিয়ানমার ও থাইল্যান্ডের পর এবার ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

মিয়ানমার ও থাইল্যান্ডের পর এবার ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

প্রতিকী ছবি।

মিয়ানমার ও থাইল্যান্ডের পর এবার ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে ইন্দোনেশিয়ায়।

বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থার বরাতে প্রতিবেদনে বলা হয়, দেশটির পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে।

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে এই ভূমিকম্প আঘাত হানে বলে সংস্থাটি জানায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রতিবেদনে আরও বলা হয়, বৃহস্পতিবার ভোর ৪টা ৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর হালমাহেরা রিজেন্সির লোলোদা উপ-জেলা থেকে ১২১ কিলোমিটার (৭৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে, সমুদ্রতলের ৪২ কিলোমিটার (২৬ মাইল) গভীরে।

মানাডো এবং বিতুং শহরসহ পার্শ্ববর্তী প্রদেশ উত্তর সুলাওয়েসিতেও কম্পন অনুভূত হয়েছে। ভোর ৪টা ৩১ মিনিটে সেখানে ৪ দশমিক ৯ মাত্রার একটি আফটারশকও অনুভূত হয়। তবে এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামির সতর্কতাও জারি করা হয়নি।