জুলাই বিপ্লবে হামলাকারীদের তথ্য চেয়ে জবি প্রশাসনের গণবিজ্ঞপ্তি
ফাইল ছবি
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে সংঘটিত বেআইনি এবং সহিংস হামলার ঘটনায় জড়িত জবির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৮ এপ্রিল) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জুলাই ২০২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় (১৫ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত) ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে সংঘটিত বেআইনি এবং সহিংস হামলার ঘটনায় জড়িত জবির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষে আগামী ৭ কার্যদিবসের মধ্যে অভিযোগকারীর তথ্য, অভিযোগ ও অভিযুক্তদের বিস্তারিত বিবরণ এবং স্বপক্ষে প্রমাণসহ সিলগালাকৃত খামে জমা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে অভিযোগকারীর তথ্য ও পরিচয় কঠোর গোপনীয়তার সঙ্গে রক্ষা করা হবে বলে উল্লেখ করা হয়।
এর আগে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়াকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বলেন, আমাদের যে কমিটি হয়েছিল সেটার কার্যক্রম বৃহত্তরভাবে শুরু করেছি। তাই প্রাথমিকভাবে বিভিন্ন বিভাগ, দপ্তর, ইনিস্টিউট এবং এর বাইরেও যদি কেউ আক্রান্ত হয় তার বিবরণ বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের কাছ থেকে সিলগালা খামে তথ্য আহ্বান করেছি।
তিনি বলেন, কিছু অভিযোগ এসেছে, সেগুলোও আমরা দেখছি। তবে একটু বৃহত্তর পরিসরে কাজ শুরু করেছি। যাতে কেউ বলতে না পারে, তাদের তথ্য নেওয়া হয় নি। তারপর সে অনুযায়ী আমরা শুনানি, গণশুনানি বা তাদের ইন্টারভিউ নিবো, তারপর বাকি কাজগুলো করবো।