ফেসবুকে গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও
সংগৃহীত
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ বুধবার (০৩ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার দোলা পাম্পের কাছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা করেছে।
পুলিশ বলছে, এটি হয়ত পুরনো ভিভিও বা ২-১ মিনিটের মধ্যে এ কর্মকাণ্ড ঘটানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা হিমেলের নেতৃত্বে ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করছে নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানের মধ্যে ছিল-‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘বার বার দরকার, শেখ হাসিনার সরকার’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘ইউনুসের চামড়া, তুলে নিবো আমরা’ ইত্যাদি।
নেতাকর্মীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করলে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে কাউকে খুঁজে পায়নি।
এ ব্যাপারে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ‘‘ভিডিওটি দেখে মনে হচ্ছে, এটি আগের। তবে যদি করেও থাকে ২/১ মিনিটের বেশি সময় তারা ছিল না। পুলিশ গিয়ে তাদের কোথাও পায়নি।’’
বিষয়টির তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।