ডিএসইতে লেনদেন ১২৭৯ কোটি টাকা ছাড়াল
ফাইল ছবি
ঈদের পর দেশের শেয়ারবাজারে গতি ফিরেছে। বুধবার (৩ জুন) শেয়ারবাজার ছিল ইতিবাচক ধারায়। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ১২৭৯ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সব ধরনের সূচক ছিল ইতিবাচক ধারায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭ পয়েন্টে অবস্থান।
ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর মধ্যে ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ২৭৯ কোটি ১৩ লাখ টাকা।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিন শেষে লেনদেন হয়েছে ৩১ কোটি ৮ লাখ ২১ হাজার টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৮ টির, কমেছে ৬৪টির এবং ২৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৮৫ পয়েন্টে, সিএসসিএক্স ৫৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৩৩ পয়েন্টে এবং সিএসআই সূচক ৮ পয়েন্ট বেড়ে ৯২৬ পয়েন্টে অবস্থান করছে।