আস-সুন্নাহর প্রশিক্ষণ নিলেন এক হাজার হজযাত্রী
সংগৃহীত
এবারও হজযাত্রীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল আলোচিত সেবা সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন। ঢাকায় আয়োজিত এই প্রশিক্ষণে প্রায় এক হাজার হজযাত্রী প্রশিক্ষণ নেন। আস-সুন্নাহর প্রতিষ্ঠাতা বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহসহ বিজ্ঞজনেরা প্রশিক্ষণ দেন। এতে হজযাত্রীরা বেশ আপ্লুত হন।
শনিবার (৩ মে) আস-সুন্নাহর ফেরিফায়েড ফেসবুক পেইজে বলা হয়-
আপনি যে এজেন্সির সাথেই হজে যান না কেন, আমরা চাই আপনার হজ সহজ, সুন্দর ও মাবরুর হয়ে উঠুক। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্পন্ন হয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন হজ প্রশিক্ষণ কর্মশালা ২০২৫।
ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হয়েছিলেন প্রায় এক হাজার হজযাত্রী। দুই সহস্রাধিক আবেদনকারীর ভেতর থেকে বাছাই করে, যারা শুধু এ বছরই হজের জন্য নিবন্ধন করেছেন, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে।
আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে নিবন্ধনকারী সবাইকে সুযোগ দেওয়া যায়নি। অল্প সময়ে আসন সংখ্যা পূর্ণ হয়ে গেলে আবেদন প্রক্রিয়াও বন্ধ করে দিতে আমরা বাধ্য হই।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পরিচালিত দিনব্যাপী এই কর্মশালায় প্রায় চারশ স্লাইডে উমরাহর ধারাবাহিক বর্ণনা ও মাসায়েল এবং হজের ধারাবিহক বর্ণনা সম্পর্কে প্রেজেন্টেশন দেন শায়খ আহমাদুল্লাহ।
মদিনা জিয়ারত বিষয়ে প্রেজেন্টেশন দেন জনপ্রিয় আলোচক ও খতিব আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। এছাড়া সহজ হজের প্রস্তুতি বিষয়ে প্রেজেন্টেশন দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ।
দিনব্যাপী এ কর্মশালায় উপস্থিত কাবার পথের যাত্রীগণ এতটাই প্রাণবন্ত ছিলেন, তাদের উদ্দীপনা বারবার এই ধরনের কর্মশালার আয়োজন করতে আমাদেরকে অনুপ্রাণিত করবে।