চাঁদপুরে স্কুলছাত্রীকে ধষর্ণের ঘটনায় অভিযুক্ত ৩ যুবক গ্রেফতার
ছবি : প্রতীকি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি এলাকায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) বিকেলে তাদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করে মতলব উত্তর থানা পুলিশ।
এ বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (৪ মে) দিগনত রাত ৯টার সময় ওই স্কুলছাত্রী পারিবারিক বিষয় নিয়ে তার মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। ওই সময় আশপাশে থাকা সাফায়েত (১৮), লামিম (১৮) ও রাব্বি (১৯) নামে তিন যুবক তাকে জোরপূর্বক ধরে কাছাকাছি জনৈক এক ব্যক্তির পরিত্যক্ত বসতঘরে নিয়ে যায়। সেখানে সারারাত তিনজন মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন।
পরের দিন সোমবার ফজরের নামাজের পরে ওই বাড়ি থেকে স্কুলছাত্রীকে আনুমানিক ২০০ গজ দূরে একটি বাড়ির সামনে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে মোবাইল ফোনে খবর পেয়ে ভিকটিমের চাচা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ঘটনার বিষয়টি জানাজানি হলে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্কুলছাত্রীকে থানায় নিয়ে আসেন এবং তার মৌখিক জবানবন্দীর ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করেন।
এ বিষয়ে জানতে চাইলে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, স্কুলছাত্রীর পরিবার থেকে মৌখিকভাবে বিষয়টি জানানোর পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং তাকে থানায় নিয়ে আসি। তার জবানবন্দী অনুসারে রাতেই অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করি। পরিবারের অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতার তিন আসামিকে মঙ্গলবার (৬ মে) চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। ওই স্কুলছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।