ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যের স্ত্রীর মৃত্যু

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যের স্ত্রীর মৃত্যু

প্রতিকী ছবি

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের স্ত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার শ্যামবাগাত গ্রামে এ ঘটনা ঘটে।

রেশমা ইয়াসমিন (৪০) উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামের এএএম শাহরিয়ারের স্ত্রী। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৩ মে) দুপুরে রেশমা ইয়াসমিন নিজ বাসায় ইলেকট্রিক চুলায় রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, মৃত রেশমা ইয়াসমিনের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।