ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে: খসরু

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে: খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার(১৮ মে) রাজধানীর বনানীতে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতি একটা শঙ্কার মধ্যে আছে। নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বাংলাদেশ একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে আছে। দেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। 

তিনি বলেন, সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেছে। এরপর থেকে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশ যাওয়ার কথা, তা হচ্ছে না। সরকার এমনভাবে চলছে যেন তারা নির্বাচিত সরকার। সরকার বারবার বলছে, সংস্কার করে, ঐক্যমত্যের ভিত্তিতে সব হবে। কিন্তু সেই ঐকমত্যটা কোথায় হচ্ছে, সেটিও তারা বলে না।

তিনি আরও বলেন, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দায়িত্ব ছিল একটা সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তুলে দেওয়া। 

বিএনপির এ নেতা বলেন, করিডর ইস্যু, বিনিয়োগ সম্মেলন হচ্ছে, বন্দর দিয়ে দিচ্ছে তাদেরকে এসব ক্ষমতা কে দিয়েছে? ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে।