কমলাপুরে হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

কমলাপুরে হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি।

রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে সুমি রানী রায় (৩৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

বুধবার (২৮ মে) বেলা ১১টার দিকে খবর পেয়ে কমলাপুর আবাসিক হোটেল সি-ল্যান্ডের ছয় তলার একটি কক্ষ থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, পুলিশ যখন হোটেলটিতে যায় তখন রুমটির খোলা ছিল। রুমের বিছানার ওপর মরদেহটি দেখতে পাওয়া যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বালিশ চাপা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ওসি আরও জানান, তার বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশ বাড়ি গ্রামে। স্বামীর নাম মানিক চন্দ্র রায়। তবে অন্য এক ব্যক্তিকে স্বামী পরিচয় দিয়ে হোটেলের ওই কক্ষ ভাড়া নেন ওই নারী। ঘটনার পর অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। নিহত নারীর আত্মীয় স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর বিস্তারিত জানা যাবে।