যশোরে স্বাস্থ্যসেবা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

যশোরে স্বাস্থ্যসেবা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যশোরের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী, যার কাজ চলমান রয়েছে। জেলার আড়াইশ’ শয্যার জেনারেল হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ করা হচ্ছে। এটির কাজ শেষ হলে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।

এর সঙ্গে যশোর শিশু হাসপাতালকেও বৃহত্তর পরিসরে চালু করা হবে।  

শুক্রবার যশোরে এসএম সুলতান ফাইন আর্ট কলেজ প্রাঙ্গণে চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।  

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, শেখ হাসিনা বিভিন্ন কৌশলের মাধ্যমে ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন। যারা আজ তার (শেখ হাসিনার) বিরুদ্ধে সোচ্চার, তাদের একটি বড় অংশই এক সময় তাকে ফ্যাসিস্ট হতে সহায়তা করেছিল।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমাজের প্রতিটি স্তরে গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছে।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুখে গণতন্ত্রের কথা বলা এই ফ্যাসিবাদ-সহযোগীরা সুযোগ পেয়ে আবার যেন সক্রিয় হতে না পারে। এস এম সুলতান ফাইন আর্ট কলেজকে প্রতীকী মূল্যে জমি প্রদানের সুযোগ থাকলে তা করার ঘোষণাও দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান।

সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শামীম ইকবাল।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনসহ অন্যরা।

তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের ৫০টি শিল্পকর্ম স্থান পেয়েছে।