চট্টগ্রামে ট্রলারের রশি ছিঁড়ে ২ শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি।
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এফবি সি হার্ট-১ নামের একটি ট্রলারের রশি ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুন) রাতে নগরের সদরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই ট্রলারের সুকানি মোহাম্মদ আলতাফ (৪০) ও প্রধান বাবুর্চি নুর উদ্দিন (৩৭)। দুজনেই নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে এমএ কাদের গ্রুপের মালিকানাধীন এফবি সি হার্ট ট্রলারে চাকরি করছিলেন।
ট্রলারের মালিক এমএ কাদের বলেন, ‘সোমবার রাতে এফবি সি হার্ট ট্রলারটি বিকল হয়ে যায়। সেটিকে রশি দিয়ে টেনে আনতে গিয়েছিল আরেকটি ট্রলার। সেটির রশি ছিঁড়ে আঘাত লেগে দুই শ্রমিকের মৃত্যু হয়।’
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘এফবি সি হার্ট ট্রলারটিকে একই মালিকের আরেকটি ট্রলার টেনে নিয়ে আসছিল। এ সময় ট্রলারের রশি ছিঁড়ে যায় এবং আঘাতে দুই শ্রমিক ট্রলার থেকে পানিতে পড়ে যান। সহকর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’