বগুড়া জেলা ছাত্রদলের কমিটিতে পদবঞ্চিতদের আমরণ অনশন
ছবিঃ সংগৃহীত
বগুড়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়া পদবঞ্চিত নেতাকর্মীরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে শহরের খোকন পার্কের শহিদ মিনারে এ অনশন শুরু করেন তারা।
তারা বলছেন, কেন্দ্র থেকে তাদের পদবঞ্চিত করার কোনো কারণ বলা হয়নি। নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মী ও আওয়ামী লীগ নেতার সন্তানদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। উপযুক্ত কারণ না জানানো পর্যন্ত তাদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।
এর আগে, বৃহস্পতিবার ১৬১ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি এবং ৯৩ সদস্যের শহর ছাত্রদল কমিটির ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রদল।
এছাড়া এদিন জেলার সরকারি, বেসরকারি কলেজ ও মাদ্রাসাসহ মোট ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের আংশিক কমিটিও ঘোষণা করা হয়েছে।
পদবঞ্চিতরা দাবি করছেন, সদ্য ঘোষিত জেলা কমিটিতে ছাত্রলীগ, যুবলীগের সাবেক নেতাকর্মী এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্তানদেরও রাখা হয়েছে।
পদবঞ্চিত আলমগীর হোসেন বলেন, “নতুন কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্থান দেওয়া হয়েছে। যারা বিএনপির রাজনীতি করেন, তারাই আজ বঞ্চিত। এর প্রমাণ তাদের কাছে রয়েছে।”
অপর নেতা নাসিরুদ্দিন মামুন বলেন, “তারা বহু বছর ধরে ছাত্রদলের রাজনীতি করছেন। সামনে থেকে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন। অথচ আজ তাদের মূল্যায়ন করা হলো না। কেন তাদের বাদ দেওয়া হয়েছে তা না বলা পর্যন্ত অনশন কর্মসূচি চলবে।”
এদিকে, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান অভিযোগগুলো দৃঢতার সঙ্গে অস্বীকার করে বলেন, “যারা আজ অনশন করছেন, তারা দীর্ঘদিন সংগঠনের কোনো কার্যক্রমে সক্রিয় ছিলেন না। এমনকি তারা ছাত্রদলে থাকবেন না যুবদলে যাবেন, সে বিষয়েও তারা কোনো স্পষ্ট অবস্থান জানাননি।”
অন্য কমিটিগুলোর বিষয়ে কোনো আপত্তি না থাকলেও বগুড়া জেলা কমিটি নিয়ে গুরুতর অভিযোগ আনা হয়েছে।