‘মাদকে যুক্ত ব্যক্তি যত প্রভাবশালীই হোক ছাড় নয়’
সংগৃহীত ছবি
মাদককারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ পরিদর্শক আবু সাঈদ।
শনিবার (২২ আগস্ট) বিকালে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মাদকবিরোধী সভা, প্রতিবাদ মিছিল ও গণসমাবেশে এ কথা বলেন তিনি।
বাঞ্ছারামপুর মডেল থানার উদ্যোগের এই কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ ছয়ফুল্লাকান্দি বাজারে অংশগ্রহণ করেন।
পরে মাদকবিরোধী স্লোগান নিয়ে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহ রাহাত আলী (রহ.) মাজারের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে পুলিশ পরিদর্শক আবু সাঈদ বলেন, ‘তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে শুধু পুলিশ নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বাঞ্ছারামপুরে মাদকের কোনো ঠাঁই হবে না। মাদকের সঙ্গে যুক্ত ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না’
তিনি মাদককারবারিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মাদক নির্মূলে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলমগীরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, সদস্যসচিব রমজান মিয়া, এসআই হাসান উদ্দিন, এসআই মোহাম্মদ লুৎফুর, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য রকিবুল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মতিউর রহমান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শাহ আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. আল আমিন ও যুবদল নেতা সোহেল রানাসহ পুলিশ কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এর প্রভাব একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরেও পড়ে। তাই মাদকের বিস্তার রোধে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করতে হবে।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, মাদকবিরোধী এ ধরনের সামাজিক আন্দোলন নিয়মিতভাবে চালু রাখা প্রয়োজন। মাদকমুক্ত বাঞ্ছারামপুর গড়তে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন তারা।