বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
ফাইল ছবি
বগুড়ার শাজাহানপুরে ঈদগাহে যাওয়ার সময় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলে নিহত হয়েছেন।
শনিবার (৭ জুন) সকাল ৭টার দিকে উপজেলার নয়মাইল বামুনীয়া মণ্ডলপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চান মিয়া (৩৫) ও তার শিশু ছেলে আব্দুল্লাহ (৫)। চান মিয়া বামুনীয়া মণ্ডলপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি নাবিল এন্টারপ্রাইজ পরিবহনের বাসচালক ছিলেন।
ইউপি সদস্য তাজুল ইসলাম বেলাল জানান, ঈদের নামাজ আদায় করার জন্য চান মিয়া তার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন। ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে গ্রামের ঈদগাহ মাঠে যাবেন তিনি।
এ সময় রাস্তা পার হওয়ার জন্য প্রথমে ছেলেকে ডিভাইডার পার করে দিয়ে চান মিয়াও ডিভাইডার টপকিয়ে পার হতেই বাসের সামনে পড়ে যান। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এস আই আব্দুল খালেক জানান, ঈদের দিনে রাস্তা ফাঁকা হওয়ায় বাসটি আটক করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।