গ্রাম্য সালিশে নারীকে প্রকাশ্যে জুতাপেটা করলেন ইউপি চেয়ারম্যান
প্রতিকি ছবি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনের বিরুদ্ধে গ্রাম্য সালিশ বৈঠকে প্রকাশ্যে এক নারীকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত ১৭ আগস্ট বিকেলে উপজেলার বলাকিয়া গ্রামে একটি সালিশ বৈঠকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভিডিওতে দেখা যায়, গ্রামের ছোট-বড় সবার সামনে ওই নারীকে প্রকাশ্যে জুতাপেটা করছেন ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামের বিল্লাল হোসেন নামে এক যুবকের সঙ্গে ওই নারীর পরকীয়া সম্পর্কের অভিযোগ নিয়ে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। বৈঠকে ওই নারী ও পুরুষ উভয়ের বিরুদ্ধেই শাস্তিমূলক সিদ্ধান্ত নেয়া হয়। তবে পুরুষের বিচারসংক্রান্ত কোনো ভিডিও প্রকাশ্যে না এলেও ওই নারীকে জুতাপেটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই নারীর পরিবারের সদস্যরা সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন, ‘প্রবাসী স্বামীর সংসারে থেকেও ওই নারী পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। সামাজিক বিচারে যে রায় দেওয়া হয়েছিল, আমি শুধু তা কার্যকর করেছি।’
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। কী কারণে একজন নারীকে এভাবে হেনস্তা করা হয়েছে, তা খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।