ফুটবল খেলা নিয়ে বেলাবোতে সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ২০
প্রতিকী ছবি
ফুটবল খেলাকে কেন্দ্র করে নরসিংদীর বেলাবোতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১ জন নিহত হয়েছে। ১১ পুলিশ সদস্যসহ আহত হয়েছে কমপক্ষে ২০ জন।
আজ বৃহস্প্রতিবার দুপুরে জেলার বেলাবো উপজেলায় চর বেলাব ও বেলাবো গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ও নরসিংদী অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটসাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত সাইফুল (২৬) চর বেলাবো গ্রামের জীবন মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে বুধবার বিকেলে বেলাবো মাটিয়াল পাড়া ও চর বেলাবো গ্রামের মধ্যে হোসেন আলী কলেজে মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালিন সময়ে দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে খেলে শেষে ফেরার সময় দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর জের ধরে আজ বৃহস্পতিবার দুপুরে বেলাবো গ্রাম ও চর বেলাবো গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ঘটসাস্থলেই সাইফুল নামে ১ জন নিহত হয়। খবর পেয়ে বেলাবো থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু দুই পক্ষই মুখোমুখী অবস্থায় নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ টিয়ারসেল ও ফাঁকা গুলি বর্ষণ করে। দুই পক্ষের সংঘর্ষে ১১ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বেলাবো থানার অফিসার্স ইনচার্জ মীর মাহাবুবুর রহমান বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। এতে ১১ পুলিশ সদস্য আহত হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নিহতের বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেনি।
বেলাবো হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনজুর-ই-মুশাফকা ফেরদৌস বলেন, সাইফুল নামে একজনকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে। তার চোখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আহত যারা এসেছে তাদের চিকিৎসা দেয়া হয়েছে।