চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
ফাইল ছবি
চট্টগ্রামের বাঁশখালী ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন। সোমবার ও রবিবার পৃথক এ দুইটি দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার বাঁশখালী উপজেলার পিএবি সড়কের মনছুরিয়া এলাকায় মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে
এতে ২ জন নিহত ও ২ জন আহত হন। নিহতরা হলেন, কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বাসিন্দা বাহাদুর আলম (২৮) এবং বড় মহেশখালী ইউনিয়নের নোমান মোহাম্মদ ইলাহি (৩৫)।
বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক জানান, অটোরিকশাটি চকরিয়ার মগনামা ঘাট থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডা. আছরার উল্লাহ নূরী একজনকে মৃত ঘোষণা করেন।
বাকিদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে আরেকজন মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
এরআগে রবিবার রাতে সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় যাত্রীবাহী বাস, ডাম্প ট্রাক, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার চতুর্মুখী সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ২৫ জন যাত্রী।
নিহত জারিয়া বেগম (৪৫) বাড়বকুণ্ড ইউনিয়নের মিয়ারজীপাড়া এলাকার বাসিন্দা।
বার আউলিয়া হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি বাস মহাসড়কে ওঠার সময় একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জারিয়া বেগম বাসের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান। এরপর একটি ডাম্প ট্রাক এসে বাসটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয় এবং পাশের একটি বেকারিতে ঢুকে পড়ে। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি কে এম হক জানান, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।