মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে এনসিপির শোক
ফাইল ছবি
প্রবীণ রাজনীতিবিদ, গণফোরামের সভাপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)৷
রোববার (১৫ জুন) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বার্তায় দলটির পক্ষে এই শোক জানানো হয়৷
বার্তায় বলা হয়, মোস্তফা মোহসীন মন্টু বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক লড়াই সংগ্রামের অন্যতম যোদ্ধা ছিলেন। গণঅভ্যুত্থান-উত্তর নতুন বাংলাদেশ বিনির্মাণ অভিমুখী রাজনীতিতে আমরা তার শূন্যতা অনুভব করবো।
বার্তায় আরও বলা হয়, রোববার সন্ধ্যায় ঢাকার কাটাবন মনোয়ারা মসজিদে অনুষ্ঠিত মরহুমের প্রথম জানাজায় অংশগ্রহণ করেন এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং ঢাকা মহানগরের সংগঠক সর্দার আমীরুল ইসলাম।
এনসিপি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।