গাজীপুরে এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

গাজীপুরে এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ছবি : প্রতীকি

গাজীপুরের শ্রীপুরে চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বেসরকারি ব্যাংকের এটিএম বুথে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ওই বুথের নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। এ ব্যাপারে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত মো. লিটন মিয়া শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের আতাবুদ্দিন মুসার বাড়ির ভাড়াটিয়া।

রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের একটি কারখানার পাশের এটিএম বুথের ভেতর এ ঘটনা ঘটে।

কিশোরীর স্বজনদের অভিযোগ, কিশোরী একটি কারখানায় কাজ করতেন। টাকা তোলার জন্য ওই এটিএম বুথে নিয়মিত আসা-যাওয়া করার সুবাদে নিরাপত্তাকর্মী মো. লিটনের সঙ্গে ভুক্তভোগী ও তার বাবার পরিচয় হয়। তাকে অন্য কারখানায় ভালো বেতনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন লিটন। আশ্বাস পেয়ে রোববার সকাল ৬টার দিকে ভুক্তভোগী কিশোরীর বাবা তার মেয়েকে নিয়ে ওই বুথে যান। বুথে যাওয়ার পর লিটন মিয়া কিশোরীকে বুথের ভেতরে থাকা ছোট্ট একটি কক্ষে নিয়ে বসান। একপর্যায়ে লিটন মিয়া ওই কিশোরীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন এবং তার বাবাকে বাড়িতে চলে যেতে বলেন। তার কথায় কিশোরীর বাবা সেখান থেকে চলে যান। এক পর্যায়ে বুথের ভেতর তাকে ধর্ষণ করেন অভিযুক্ত লিটন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আবদুল বারিক বলেন, কিশোরী ধর্ষণে অভিযুক্ত ওই নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।  এ ঘটনায় কিশোরীর বাবা রোববার সন্ধ্যায় মামলা দায়ের করেছেন।