গণতন্ত্র সুরক্ষায় রাজনৈতিক দল ও সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে-অধ্যাপক নার্গিস বেগম
ছবি: সংগৃহিত
যশোর প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, হাসিনার সুবিধাভোগী সাংবাদিকরা এখনো পরিকল্পিতভাবে অপতথ্য প্রচার করছে। এজন্য গণতন্ত্রকে সংহত করার লড়াইয়ে রাজনৈতিক দল ও সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, গণতান্ত্রিক স্থিতিশীলতাকে যদি রক্ষা করতে হয় তাহলে ফ্যাসিস্টের দোসরদের বয়কট করতে হবে। তাদের সাথে কোনো সামাজিক সম্পর্কও রাখা যাবে না।
১৬ জুন সোমবার সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন যশোর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
নার্গিস বেগম বলেন, সাংবাদিকদের একটি অংশের নির্লজ্জ দালালি আর তোষামোদির কারণে হাসিনা ১৭ বছরের ফ্যাসিজম টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। বিনিময়ে সেসব সাংবাদিক বিত্ত-বৈভবের মালিক হয়েছেন।
তিনি বলেন, তরুণদের আত্মত্যাগ আর রক্তের মধ্য দিয়ে গড়ে ওঠা গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করতে হাসিনার সুবিধাভোগী সাংবাদিকরা এখনো পরিকল্পিতভাবে অপতথ্য প্রচার করছে। এরা ফ্যাসিস্টের দোসর হিসেবে এখনো সক্রিয়।
তিনি বলেন, গণতন্ত্রকে সংহত করার লড়াইয়ে রাজনৈতিক দল ও সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন সাংবাদিক নেতা আনোয়ারুল কবির নান্টু, আহসান কবীর, সাইফুর রহমান সাঈফ, সাইফুল ইসলাম সজল, তৌহিদ জামান, এম. আইউব, এস এম ফরহাদ। সঞ্চালনা করেন নূর ইসলাম।#