চট্টগ্রামে গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামে গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

ছবি : প্রতীকি

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামে ৩ বছরের শিশু শারাফাত হোসেন রিফাত বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। রিফাত ওই গ্রামের প্রবাসী মো. সেলিম ও গৃহিণী জাহেদা আক্তারের তৃতীয় ছেলে। সোমবার দক্ষিণ অলিনগর মো. সেলিমের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম।

নিহতের মামা এমদাদ হোসেন জানান, বাড়ির পাশের মূলত ছোট গর্তটি থেকে মাটি নিয়ে ঘরের কাজ করা হয়েছিল। দুপুরের বৃষ্টিতে গর্তটি পানিতে টইটম্বুর হয়ে যায়। রিফাতের মা ঘরের কাজে ব্যস্ত ছিল। পরক্ষণে খোঁজাখুঁজি করলে শিশু রিফাতের নিথর দেহটি ভাসতে দেখা যায়। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাকি বণিক  তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, শিশুটির মৃত্যুর খবরটি জানতে পেরেছি। বাড়ির প্রাঙ্গণে খেলতে গিয়ে গর্তের পানিতে পড়ে তার মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক।