শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ফাইল ছবি

শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে নড়াইলের নড়াগাতী থানায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে সদ্য বিবাহিত আজিজুর রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার নড়াগাতী থানার জয়নগর আঞ্চলিক সড়কের বাবলুর বাড়ির পাশে দুর্ঘটনা ঘটে। 

মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।

নিহত আজিজুর রহমান নড়াগাতী থানার পানিপাড়া গ্রামের ইবাদত মোল্যার ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন। ঘটনার সময় তিনি মটরসাইকেল ড্রাইভ করছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ জুন নড়াগাতী থানার কামসিয়া এলাকায় বিয়ে করেন পানিপাড়া গ্রামের সৌদি প্রবাসী আজিজুর রহমান। তিনি প্রায় ৩ মাস আগে সৌদি থেকে দেশে ফেরেন। সোমবার দুপুর ১টার দিকে আজিজুর শ্বশুর বাড়ি কামসিয়া থেকে মোটরসাইকেলে করে পানিপাড়া নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একই থানার জয়নগর আঞ্চলিক সড়কের বাবলুর বাড়ির পাশে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে। এ সময় ঘাতক ট্রলিটি জব্দ করে পুলিশ তবে এর চালক পলাতক রয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।