ভুলবশত ভারতে ঢুকে পড়া বিজিবি সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ

ভুলবশত ভারতে ঢুকে পড়া বিজিবি সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তে ভুলবশত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন মো. মতিউর রহমান নামের এক বিজিবি সদস্য। পরে পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার (২১ জুন) রাতে তাকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল ইমরান ইবনে রউফ তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২০ জুন) রাতে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন মো. মতিউর রহমান নামের ওই বিজিবি সদস্য। মতিউর রহমান জোহরপুর টেক ক্যাম্পে সিপাহী পদে কর্মরত।
 
বিজিবির রাজশাহী সেক্টর কমাণ্ডার বলেন, শুক্রবার রাতে গরু চোরাচালানিদের ধাওয়া করতে গিয়ে ভুলবশত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন মতিউর রহমান। পরে আর ফিরে আসতে পারেননি তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয় বিএসএফকে। পরে শনিবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয় মতিউর রহমানকে। ফেরত দেয়ার আগে বিএসএফের বাজিতপুর ক্যাম্পে রাখা হয়েছিল মতিউর রহমানকে।