ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-কার্তুজসহ যুবক গ্রেফতার

ফাইল ছবি।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ সিদ্দিকুর রহমান (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৪ জুন) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে বাঞ্ছারামপুর উপজেলার ইটাখোলা-আকানগর সড়কে থানা পুলিশ অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে।

এ সময় সিদ্দিকুর রহমানকে তল্লাশি করা হয়। তিনি নবীনগর উপজেলার বড়াইল এলাকার আতিকুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার সিদ্দিকুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পালিয়ে যাওয়া অপর দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নবীনগর উপজেলার নতুন মুক্তারামপুর গ্রামের বাতেন মিয়ার ছেলে অমিত (২৩), লিমন (১৯)।

পুলিশ জানায়, তিনি ও তার সহযোগীরা পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী চক্রের সদস্য। তারা বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী, পাহাড়িয়াকান্দি ও আকানগর এলাকায় মোটরসাইকেলযোগে ঘোরাফেরা করে মোটরসাইকেল ও অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করছিল।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক দুই সহযোগীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।